দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি বাস্তবায়ন করতে হলে বাড়তি ৮০ হাজার চিকিৎসক ও নার্স প্রয়োজন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, এর মধ্যে ২০ হাজার চিকিৎসক এবং ৬০ হাজার নার্স লাগবে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশে স্বাস্থ্য জনবলের চাহিদা ও জোগানের প্রক্ষেপণ’ শীর্ষক প্রতিবেদনের ব্রিফিংয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠেয় ৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন ডেন্টাল সার্জন থাকবেন। তিনি আশা প্রকাশ করেন, বিদ্যমান চ্যালেঞ্জ কাটিয়ে আগামী বছর দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নতি দেখা যাবে।
প্রতিমন্ত্রী মুহিত বলেন, আদর্শ স্বাস্থ্যব্যবস্থায় একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকার কথা থাকলেও দেশে প্রায় ১ লাখ ৬ হাজার চিকিৎসকের বিপরীতে নার্স ও মিডওয়াইফ রয়েছেন মাত্র ১ লাখ ৯ হাজার। এই ভারসাম্যহীনতায় জনবল কাঠামোর পিরামিড আকৃতি ভেঙে তা সিলিন্ডারে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ফলে অন্য স্তরে ঘাটতির চাপ গিয়ে পড়ছে বিশেষজ্ঞ চিকিৎসকদের ওপর।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ালে চিকিৎসকদের নিয়মিত কাজের চাপ কিছুটা কমতে পারে। তবে মেডিকেল কলেজগুলোতে বেসিক সায়েন্স শিক্ষকের তীব্র সংকট না কাটলে বেশি চিকিৎসক তৈরি করা কঠিন হবে। হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিচালনার জন্য দক্ষ স্বাস্থ্য ব্যবস্থাপক গড়ে তোলার ওপরও তিনি জোর দেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. আ. ন. ম. বজলুর রশীদ, চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং বাংলাদেশে ডব্লিউএইচওর প্রতিনিধি ডা. রাজেশ নারওয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।








