সিয়েরা লিওনে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের পক্ষে আইনি লড়াই করা ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাওলস বর্তমানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘আইনি প্রতিনিধি’ হিসেবে কাজ করছেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্টের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে বলে সংস্থাটি তাদের পেজে জানিয়েছে।
বাংলাফ্যাক্ট জানিয়েছে, পাওলসের নিজের প্রোফাইলেই বর্তমানে শেখ হাসিনার আইনি প্রতিনিধি হিসেবে কাজ করার কথা উল্লেখ রয়েছে। অনুসন্ধানে তাঁর অতীতের মামলাগুলোর বিস্তারিতও তুলে ধরা হয়েছে, যার মধ্যে সিয়েরা লিওনের গৃহযুদ্ধকালীন দুটি আলোচিত মামলা রয়েছে।
বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, সিয়েরা লিওনের সরকারপন্থী আধা সামরিক বাহিনী সিভিল ডিফেন্স ফোর্সেসের (সিডিএফ) যুদ্ধ পরিচালক মোয়নিনা ফোফানার অন্যতম প্রধান প্রতিরক্ষা আইনজীবী ছিলেন পাওলস। হত্যা, নিষ্ঠুর আচরণ ও সম্পত্তি লুণ্ঠনসহ বিভিন্ন অভিযোগে ফোফানাকে ২০০৭ সালে প্রথমে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়; পরে ২০০৮ সালে আপিলে সাজা বেড়ে ১৫ বছর হয় বলে অনুসন্ধানে বলা হয়েছে।
একইভাবে বিদ্রোহী গোষ্ঠী রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্টের (আরইউএফ) শীর্ষ সামরিক কমান্ডার মরিস ক্যালনের পক্ষেও বিচার-পূর্ববর্তী পর্যায়ে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন পাওলস। বেসামরিক হত্যা, ধর্ষণ ও শিশুসৈন্য ব্যবহারসহ ১৮টি অভিযোগের মধ্যে ১৬টিতে দোষী সাব্যস্ত হয়ে ক্যালন ৪০ বছরের কারাদণ্ড পান বলে বাংলাফ্যাক্ট জানিয়েছে।
বাংলাফ্যাক্ট আরও জানিয়েছে, লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের পক্ষেও আইনি লড়াই করতে চেয়েছিলেন পাওলস, তবে আদালতের বিধির কারণে তা সম্ভব হয়নি। পরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে টেইলরকে ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।








