রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংকস প্লাজায় পূরবী জুয়েলার্স থেকে প্রায় দুই হাজার ভরি গয়না চুরির অভিযোগ উঠেছে। দোকান কর্তৃপক্ষের অভিযোগ, শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে দুর্বৃত্তরা তালা ভেঙে দোকানে ঢুকে এই চুরি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও প্রথম আলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেছেন, চুরি যাওয়া গয়নার মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার গয়না রয়েছে। গয়নার পাশাপাশি দোকান থেকে নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে চোরেরা বলে তিনি জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেছেন, মালিক প্রাথমিকভাবে এক হাজার ৮০০ থেকে দুই হাজার ভরি গয়না চুরির কথা জানিয়েছেন।
দোকানের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেছেন, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন, যাঁদের একজন জুয়েলার্সের নিজস্ব এবং দুজন শপিং মলের। তাঁর সন্দেহ, মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু মিশিয়ে অন্য নিরাপত্তাকর্মীদের অচেতন করা হয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা গেছে এবং নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে ঢুকতে সরাসরি সহায়তা করেছেন বলেও তিনি জানিয়েছেন। ফুটেজে ভেতরে ঢোকার পর সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেওয়ার দৃশ্যও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানিয়েছেন, সন্দেহভাজন হিসেবে চারজন নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। থানার এক কর্মকর্তা বলেছেন, মার্কেটের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। শনিবার দুপুরের দিকে পুলিশ শপিং মলটি ঘিরে রাখে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেছেন, জড়িতদের শনাক্ত করে শিগগিরই আইনের আওতায় আনার চেষ্টা চলছে। দোকানের বিক্রেতা জোবায়ের আহমেদ জানিয়েছেন, কয়েক বছর আগেও একইভাবে নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাইয়ে অচেতন করে চুরির চেষ্টা হয়েছিল, তবে সেবার মালিক বিষয়টি টের পাওয়ায় চুরি করা যায়নি।








