রাজশাহীতে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) মাহফিলস্থল নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অভিযান চালিয়ে তাঁদের আটক করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আরএমপির মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছিলেন এবং তাঁদের উদ্দেশ্য ছিল মাহফিলে আসা মানুষের পকেট মারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের শনিবার বিকেল সাড়ে তিনটায় আইনি প্রক্রিয়ার জন্য আদালতে হাজির করার কথা রয়েছে। বড় জনসমাগমকে কেন্দ্র করে এ ধরনের অপরাধ ঠেকাতে মাহফিল এলাকায় আগেভাগেই নজরদারি জোরদার করা হয়েছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে শনিবার বেলা তিনটায় মাদ্রাসা মাঠে তাফসির মাহফিল শুরু হয়। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান রাখার কথা রয়েছে ড. মিজানুর রহমান আজহারীর। আয়োজকদের ধারণা, মাহফিলে রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে।
মাহফিলে সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।








