রাজধানীর মতিঝিল এলাকার দৈনিক বাংলা মোড়ে শনিবার গভীর রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাবতলী-সায়েদাবাদ রুটে চলাচলকারী ৮ নম্বর বাসটিতে রাত সাড়ে ১১টার দিকে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এ নিয়ে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকায় মোট তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, রাত সাড়ে ১১টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যায় এবং রাত ১২টার দিকে আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলমও বাসটিতে আগুন দেওয়ার ঘটনার তথ্য নিশ্চিত করেছেন বলে ডেইলি স্টার জানিয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় মিরপুর এলাকায় আরও দুটি বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিরপুর-১০ এলাকায় যাত্রীবেশে ওঠা দুর্বৃত্তরা ইতিহাস পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয়। পরে রাত ১১টার দিকে মিরপুর-১৪ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। দুই ঘটনাতেই তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন ও বিভিন্ন স্থাপনায় আগুন এবং পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপের একাধিক ঘটনা ঘটেছে বলে প্রথম আলো জানিয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, নাশকতার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে সারা দেশে আরও ৩৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার ঢাকা, গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে।








