নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিএনপির নেতা-কর্মীরা একত্র হয়ে সাবেক এক সংসদ সদস্যসহ চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত আটটার দিকে ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে করে নেতা-কর্মীরা উপজেলা সদরের রেলক্রসিং এলাকা থেকে বের হন। তাঁরা বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী, হরিশতলা ও পুটিকা বাজার এলাকায় যান। পুটিকা বাজারে স্লোগান দেওয়ার সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বাধা দিলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
আহত আবু বকর রানাকে স্থানীয় লোকজন উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এরপর রাত ১০টার দিকে বিশকাকুনী ইউনিয়নের বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেওয়া হয়। পরে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আহমদ হোসেনের বড় ভাই আমজাদ হোসেনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে। রাত পৌনে ১২টা পর্যন্ত একই ইউনিয়নের বাদে পুটিকা গ্রামে আওয়ামী লীগ নেতা আবুল বাশার খানের বাড়িতে এবং বাট্টা গ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমানুর রশিদ খানের বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া যায়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেছেন, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এসব ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে তিনি জানিয়েছেন।








