পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, অবরোধ চলাকালে সেতুসংলগ্ন একটি মার্কেট ও একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের গোলচত্বরে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং বিভিন্ন স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সেতু এলাকা।
অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় সেতু ও এক্সপ্রেসওয়েতে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, অবরোধ ও সংঘাতের পরিস্থিতি তৈরি হলে সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষ এড়িয়ে নিরাপদ স্থানে সরে যান।
বিক্ষোভের মধ্যেই পদ্মা সেতুসংলগ্ন আব্দুর রাজ্জাক সুপার মার্কেট ও পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেসওয়ে রেস্তোরাঁয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে স্থাপনা দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, অগ্নিসংযোগ ও অবরোধের বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।








