ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত অন্তত ১০, এক রাতে ১ হাজার ২৪৬ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

Tajanews24

Published: নভেম্বর 29, 2026, 2:50 পূর্বাহ্ন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পালটাপালটি হামলা অব্যাহত রয়েছে। শনিবার রুশ ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, এক রাতেই তারা ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করেছে, যা যুদ্ধ শুরুর পর এক রাতের হিসাবে প্রায় রেকর্ড।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে রুশ হামলায় সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন। রাজধানী কিয়েভে হামলায় এক নারী নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছেন, শহরের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনায় হামলার কারণে কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হতে পারে।

অন্যদিকে রাশিয়ার দখলে থাকা দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে হাসপাতালের একটি গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক নার্স ও একজন চালক নিহত হয়েছেন বলে রুশ-সমর্থিত স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় হাসপাতালের প্রধান চিকিৎসকসহ আরও দুজন আহত হয়েছেন। অঞ্চলটির ইউক্রেনীয় সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জাপোরিঝঝিয়ায় ৭০০টির বেশি রুশ ড্রোন নিক্ষেপ করা হয়েছে, যাতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, তাদের বাহিনী রাশিয়ার রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগারে হামলা চালিয়েছে, যেখানে পাঁচ দিনের মধ্যে এটি দ্বিতীয় হামলা। এ ছাড়া সামারা অঞ্চলের এলপিডিএস সামারা তেল পরিবহনকেন্দ্র এবং বাশকোর্তোস্তানের এলপিডিএস নুরলিনো পাইপলাইন পাম্পিং স্টেশনে হামলা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের হামলার লক্ষ্য ছিল সামরিকসংশ্লিষ্ট স্থাপনা; কিয়েভের একটি বিদ্যুৎ উপকেন্দ্র ও তাপবিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়টিও তারা নিশ্চিত করেছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, আট ঘণ্টায় রাজধানীর দিকে আসা ১২৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং শুক্রবার সন্ধ্যা থেকে মস্কো ও আশপাশের অঞ্চলের দিকে মোট ৪৬২টি ড্রোন এসেছিল। তবে মোট কতটি ড্রোন ছোড়া হয়েছিল বা কতটি লক্ষ্যে আঘাত হেনেছে, সে তথ্য রাশিয়া দেয়নি। আক্রমণ-পালটাআক্রমণ আরও নিয়মিত হয়ে ওঠায় যুদ্ধ পঞ্চম বর্ষে পা রাখার পথে থাকলেও শান্তি আলোচনায় এখনো কোনো সমঝোতা হয়নি বলে আল জাজিরা জানিয়েছে।