ফিলিপাইনের জলসীমায় অনুমতি ছাড়া চীনা গবেষণা জাহাজের জরিপ, বিমান পাঠিয়ে চ্যালেঞ্জ ম্যানিলার

Tajanews24

Published: নভেম্বর 29, 2026, 6:30 পূর্বাহ্ন

ফিলিপাইনের উপকূলরক্ষী বাহিনী রোববার অভিযোগ করেছে, দেশটির উত্তর উপকূলের কাছে নিজেদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) অনুমতি ছাড়াই সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা চালাচ্ছে চীনের একটি গবেষণা জাহাজ। রয়টার্স জানিয়েছে, জাহাজটির নাম ‘তান সুও এর হাও’ এবং এটি ইলোকোস নর্তে প্রদেশের উপকূলে অবস্থান করছে।

উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জে তারিয়েলা জানিয়েছেন, বাহিনীর প্রধান অ্যাডমিরাল রোমেল সুপানগানের নির্দেশে শনিবার একটি বিমান পাঠিয়ে জাহাজটিকে শনাক্ত ও চ্যালেঞ্জ করা হয়। বিমানটি বার্গোস শহরের প্রায় ৪৯ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে জাহাজটির অবস্থান শনাক্ত করে বারবার রেডিও বার্তা পাঠালেও কোনো সাড়া মেলেনি বলে তিনি জানান।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, জাহাজটি ২৬ নভেম্বর চীনের হাইনান প্রদেশের সানিয়া থেকে রওনা হয়ে ফিলিপাইনের অর্থনৈতিক অঞ্চলে ঢোকে। এরপর থেকে এটি ইলোকোস নর্তের পশ্চিমে খুব ধীর গতিতে সামনে-পেছনে চলাচল করছে, যা জরিপ কার্যক্রমের সঙ্গে মিলে যায়, সাধারণ যাতায়াতের ধরন নয়। ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই জাহাজের সামুদ্রিক গবেষণার জন্য কোনো আবেদনই তাদের কাছে আসেনি। জাহাজটিকে সরাসরি চ্যালেঞ্জ করতে উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজও পাঠানো হয়েছে।

‘তান সুও এর হাও’ চীনা বিজ্ঞান একাডেমির গভীর সমুদ্র গবেষণা জাহাজ, যা মানবচালিত ও মানববিহীন ডুবোযানের মাদারশিপ হিসেবে কাজ করে। উপকূলরক্ষী বাহিনীর তথ্য অনুযায়ী, একই জাহাজকে এর আগেও ফিলিপাইনের জলসীমায় দেখা গেছে—২০২৫ সালের মে মাসে ইলোকোস নর্তে, ডিসেম্বরে কাগায়ান উপকূলে এবং চলতি বছরের এপ্রিলে ফিলিপাইন রাইজ ও বাতানেসের কাছে।

উপকূলরক্ষী বাহিনী বলেছে, ফিলিপাইনের জলসীমায় অবৈধ সামুদ্রিক গবেষণায় চীন ক্রমেই ‘সাহসী’ হয়ে উঠছে। এসব গভীর সমুদ্র জরিপে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও পানির নিচের কেব্‌ল থাকা সমুদ্রতলের মানচিত্র তৈরি হতে পারে, যা শুধু ফিলিপাইনের নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও উদ্বেগের বিষয়। জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন ও ফিলিপাইনের সামুদ্রিক অঞ্চল আইন অনুযায়ী এ ধরনের গবেষণায় সরকারের সম্মতি বাধ্যতামূলক। এ বিষয়ে ম্যানিলায় চীনা দূতাবাসের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে।