কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণাগারগুলোর হাতে এমন কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার থাকতে পারে, যা বিশ্বজুড়ে ব্যাংক ও সরকারি সংস্থাগুলোর তথ্য সুরক্ষার মূল ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে বলে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গোপন তথ্য সংকেতায়িত বা এনক্রিপ্ট করে রাখার পদ্ধতির সঙ্গে জড়িত কয়েক দশকের পুরোনো গাণিতিক সমস্যার সমাধানে শক্তিশালী এআই মডেলগুলো অভাবনীয় অগ্রগতি পেয়েছে বলে সুপ্রতিষ্ঠিত গুঞ্জন রয়েছে।
তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী স্কট অ্যারনসন দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, ঠিক কী আবিষ্কৃত হয়েছে তার ওপর নির্ভর করে হ্যাকারসহ অনেকের হাতেই স্বল্প সময়ের মধ্যে ব্যাংকিং লেনদেন, কূটনৈতিক বার্তা ও ব্যক্তিগত ই-মেইলের মতো অতি গোপনীয় যোগাযোগ পাঠোদ্ধার করার ক্ষমতা চলে আসতে পারে। এমনটি ঘটলে গোয়েন্দা সংস্থা, সরকার, ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে হঠাৎ করেই তাদের যোগাযোগ সুরক্ষার মূল ভিত্তি বদলে ফেলতে হবে, নইলে সংবেদনশীল তথ্য ব্যাপকভাবে ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হবে বলে তিনি উল্লেখ করেছেন।
চলতি সপ্তাহের শুরুতে অ্যারনসন লিখেছেন, একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে তিনি কার্যত নিশ্চিত হয়েছেন যে এআই গবেষণাগারগুলোর হাতে এখন ক্রিপ্টোগ্রাফিসংক্রান্ত এক বা একাধিক বিস্ফোরক তথ্য রয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক স্টিভেন মারডক বলেছেন, যাঁরা ভাবতেন এআই কোনো আকর্ষণীয় গণিত করতে পারে না, এই পর্যায়ে এসে তাঁরা নিশ্চিতভাবেই ভুল প্রমাণিত হয়েছেন এবং এআইয়ের সক্ষমতার সীমা ঠিক কোথায়, তা আর স্পষ্ট নয়।
শুক্রবার বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে গণিতবিদ মার্কাস ডু সোটয় বলেছেন, এসব আবিষ্কারের সুদূরপ্রসারী প্রভাব কী এবং এনক্রিপশন ব্যবস্থার জন্য এর অর্থ কী দাঁড়াবে, তা এখনো জানা যায়নি। তাঁর ভাষায়, সবার ইলেকট্রনিক গোপনীয়তা রক্ষার মূলে যে সমস্যাটি রয়েছে, তা নিয়ে কেউ কথা বলছে না; কেউ কেউ ভাবছেন, হয়তো সমস্যাটির সমাধান ইতিমধ্যে হয়ে গেছে এবং প্রভাব এতটাই বিশাল হবে বলে সবাই বিষয়টি চুপচাপ চেপে গেছেন।
বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছর ধরে সরকার, ব্যাংক ও গোয়েন্দা সংস্থাগুলো শক্তিশালী ডিক্রিপশনের সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছিল মূলত কোয়ান্টাম কম্পিউটারের কথা ভেবে, যার সেই সক্ষমতা অর্জনের সময়সীমা এখনো কয়েক বছর দূরে বলে ধরা হয়। অধ্যাপক মারডক জানিয়েছেন, অনেক সরকার ও প্রযুক্তিপ্রতিষ্ঠান কোয়ান্টাম আক্রমণ প্রতিরোধী উচ্চতর এনক্রিপশন মানদণ্ডের দিকে এগোলেও তা অত্যন্ত ধীরগতিতে হচ্ছে; এর লক্ষ্যমাত্রা ছিল ২০৩২ সালের দিকে এবং সম্ভবত সেটিও মিস হতে যাচ্ছিল। ফলে এআইয়ের দ্রুত অগ্রগতি সেই প্রস্তুতির সময়সীমাকে অনেক এগিয়ে আনতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।








