হজ এজেন্সির কার্যক্রম যাচাই করে লাইসেন্স বাতিল ও নতুন লাইসেন্সের সুপারিশ সংসদীয় কমিটির

Tajanews24

Published: নভেম্বর 29, 2026, 9:53 অপরাহ্ন

বিদ্যমান হজ এজেন্সিগুলোর কার্যক্রম যাচাই-বাছাই করে ন্যায়সংগতভাবে লাইসেন্স বাতিল ও নতুন লাইসেন্স দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে ২০২৪ সালে সংশোধিত হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সেবার মান বাড়ানো এবং পুরো প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করার ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। সে লক্ষ্যে এজেন্সিগুলোর পারফরম্যান্স যাচাই করে লাইসেন্স বাতিল ও নতুন লাইসেন্স প্রদানের পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বৈঠকে মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিষয়টিও আলোচনায় আসে। সারাবাংলা জানিয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় নীতিমালা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং সব মসজিদে রুফটপ সোলার স্থাপনের সর্বশেষ অগ্রগতি পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। একই বৈঠকে ঝালকাঠির রাজাপুরসহ ইসলামিক ফাউন্ডেশনের বেদখল হয়ে থাকা ৬৯ একর জমি আগামী ১৫ দিনের মধ্যে পুনরুদ্ধারের সুপারিশও করা হয়।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্প, ৫৬টি ইসলামিক মিশন কেন্দ্র ও তিনটি ইসলামিক মিশন হাসপাতালের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। মডেল মসজিদ ও অন্যান্য মসজিদের ইমামদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি তাঁদের দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামালের সভাপতিত্বে বৈঠকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এবং সংসদ সদস্য মো. জাহিদুর রহমান, সুবর্ণা সিকদার, মো. নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান ও মুহাম্মাদ আব্দুল খালেক অংশ নেন। সভাপতি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে জনকল্যাণমূলক সেবা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।