পথভোলা মানুষকে আল্লাহমুখী করাই চরমোনাই মাহফিলের উদ্দেশ্য: রেজাউল করীম

Tajanews24

Published: নভেম্বর 27, 2026, 10:49 অপরাহ্ন

পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং মানুষকে আল্লাহমুখী করাই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা বরিশালের চরমোনাই মাদরাসা এলাকায় তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, চরমোনাই মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি। তাই এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে আসার প্রয়োজন নেই। কেউ এমন উদ্দেশ্য নিয়ে এসে থাকলে তাকে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির প্রস্তুতি নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যারা প্রথমবার মাহফিলে এসেছেন, তাদের অন্তর থেকে দুনিয়ার ধ্যান-খেয়াল দূর করে আখেরাতের চিন্তা ধারণ করতে হবে। অন্তর থেকে বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করে নিজেকে আল্লাহর দরবারে সোপর্দ করতে হবে এবং সব সময় আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর সজীব রাখতে হবে। উদ্বোধনী বয়ান শেষে তিনি মাহফিলের নিয়ম-কানুন, আদব ও শৃঙ্খলা সম্পর্কে মুসল্লিদের দিকনির্দেশনাও দেন।

মাহফিলে আগত মুসল্লিদের ইসলামের মৌলিক বিধিবিধান ও নামাজের নিয়ম-কানুন হাতে-কলমে শেখানোর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। বিভিন্ন হালকায় ভাগ করে মুসল্লিদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মুসল্লিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাহফিল প্রাঙ্গণে ১০০ শয্যার একটি হাসপাতাল স্থাপন করা হয়েছে; জরুরি প্রয়োজনে বরিশালের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে।

তিন দিনব্যাপী এই মাহফিলে নির্ধারিত সাতটি মূল বয়ানের মধ্যে রেজাউল করীম পাঁচটি এবং নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দুটি বয়ান পেশ করবেন বলে জানা গেছে। আগামী সোমবার (৩০ নভেম্বর) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে। উল্লেখ্য, ১৯২৪ সালে প্রতিষ্ঠিত চরমোনাই মাদরাসা ও দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ এছহাক (রহ.); ২০০৬ সাল থেকে আমীরুল মুজাহিদীন হিসেবে দায়িত্ব পালন করছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।