চীনের শেনঝো-২৩ মহাকাশযান তিন নভোচারীকে নিয়ে উত্তর চীনের ডংফেং অবতরণস্থলে সফলভাবে নেমে এসেছে। রয়টার্স জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১টা ৪২ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৫টা ৪২) যানটি চীনের মহাকাশ স্টেশন থেকে আলাদা হয় এবং প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার যাত্রা শেষে নিয়ন্ত্রিত পুনঃপ্রবেশের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই ফেরার যাত্রার খবর দিয়েছে।
এই অভিযানের সবচেয়ে আলোচিত নাম পাকিস্তানি নভোচারী জিশান আলী। রয়টার্স জানিয়েছে, তিনিই চীনের মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারী এবং কক্ষপথে পৌঁছানো প্রথম পাকিস্তানি। তিয়ানগং স্টেশনে প্রায় পাঁচ দিন কাটিয়েছেন তিনি। গত ২৫ নভেম্বর শেনঝো-২৪ যানে করে স্টেশনে পৌঁছান তিনি, যা ছিল বিদেশি নভোচারী নিয়ে চীনের প্রথম মানববাহী মহাকাশ অভিযান।
জিশান আলীর সঙ্গে ফিরেছেন ফেরত অভিযানের কমান্ডার ঝাং ঝিয়ুয়ান এবং লাই কা-ইং। রয়টার্স জানিয়েছে, লাই কা-ইং হংকংয়ের প্রথম নভোচারী এবং চীনের চতুর্থ নারী মহাকাশযাত্রী। পেলোড বিশেষজ্ঞ হিসেবে কক্ষপথে থাকাকালে জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান বিষয়ে চীন-পাকিস্তানের চারটি যৌথ পরীক্ষায় অংশ নিয়েছেন জিশান আলী।
অবতরণের সরাসরি সম্প্রচারে দেখা গেছে, তিন নভোচারীই সুস্থ আছেন। ক্যাপসুল থেকে বেরিয়ে জিশান আলী এই অভিজ্ঞতাকে বিশেষ ও অবিস্মরণীয় বলে বর্ণনা করেন এবং স্বপ্ন পূরণে সহায়তার জন্য চীন ও পাকিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। পাকিস্তানে এই অভিযান নিয়ে ব্যাপক উদ্যাপন হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই যৌথ উড্ডয়ন চীন-পাকিস্তান মহাকাশ অংশীদারত্বের অংশ, যার শুরু নব্বইয়ের দশকের গোড়ার দিকে চীনের উৎক্ষেপণ করা পাকিস্তানি স্যাটেলাইট দিয়ে। চীনা নভোচারীদের প্রায় ছয় মাসের নিয়মিত দায়িত্বকালের তুলনায় জিশান আলীর অবস্থান ছিল অনেক ছোট, তবে প্রথম বিদেশি অতিথি হিসেবে তাঁর এই সফর দুই দেশের মহাকাশ সহযোগিতায় নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।








