রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথ দেশগুলোর সমর্থন চাইলেন হুমায়ুন কবির

Published: November 3, 2026, 5:25 am

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থনের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় আয়োজিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের (সিএফএএমএম) রিট্রিট অধিবেশনে তিনি এই আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি ও নিরাপত্তা রক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জ্বালানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোকে আরও কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ক্রমবর্ধমান এই জটিল পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা জোরদার করা এখন সময়ের দাবি। মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিশেষ গুরুত্ব দিয়ে তিনি ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ দ্রুত কার্যকর করার আহ্বান জানান। একই সঙ্গে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ প্রবাহ গতিশীল রাখতে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার ওপরও জোর দিয়েছেন তিনি। এছাড়া, আধুনিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার বিষয়েও নিজের মতামত ব্যক্ত করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, বৈশ্বিক বিভিন্ন সংকট সমাধানের লক্ষ্যে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে নিয়ে শক্তিশালী ঐক্য গড়ার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং সদস্য দেশগুলোর অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে আলোচনায় প্রাধান্য দেওয়া হয়েছে।