শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি জাতীয় নাগরিক পার্টির নেতার

Published: October 26, 2026, 5:10 am

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক তারেক রেজা রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি করেছেন।

তারেক রেজা তার পোস্টে উল্লেখ করেন, ডাকসু নির্বাচনে জিএস পদে প্রার্থী হওয়ার পর শিবির তাকে অন্য প্রার্থীর জন্য সরে দাঁড়াতে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ না মানায় তিনি সংগঠন ত্যাগ করেন। তিনি আরও দাবি করেন, শিবির ছাড়ার পর রাশেদ খাঁন অত্যন্ত কট্টর অবস্থানে চলে যান, যা এমন ব্যক্তিদের ক্ষেত্রে নতুন কিছু নয়।

তারেক রেজা তার দাবির সপক্ষে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরবর্তী একটি ঘটনার উল্লেখ করেন। তিনি জানান, ঘটনার দিন ভোরে ঢাবি ছাত্র অধিকার পরিষদের নেতারা রাশেদ খাঁন ও নুরুল হক নুরকে ফোন করে কর্মসূচি দেওয়ার কথা জানান। তারেক রেজার ভাষ্যমতে, রাশেদ খাঁন তখন কর্মসূচি ঘোষণার পরামর্শ না মানলে ক্ষুব্ধ হয়ে এক নেতাকে ফোন করে বলেছিলেন, ‘কথা না শুনলে তোমাদের ছাত্র অধিকার পরিষদ করার প্রয়োজন নেই, কাল থেকে আমাদের সঙ্গে আসবা না।’ তবে পরবর্তীতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে রাশেদ খাঁন শেষ পর্যন্ত সেই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন।