সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে জানান, তাদের বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলে থাকা অপরিশোধিত তেল পরিবহনের একাধিক পাম্পিং স্টেশনে ড্রোন হামলার দাবিও করেছেন তিনি।
এর আগে সৌদি বাহিনী রিয়াদের দিকে আসা হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার ঘোষণা দেয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই হুতিরা এই হামলার বিবৃতি দিল। ঘটনার প্রতিক্রিয়ায় সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দুটি স্থাপনা লক্ষ্য করে পাল্টা অভিযান পরিচালনা করেছে। হুতিদের দাবি অনুযায়ী, রোববারও কিং খালেদ বিমানবন্দরে তারা হামলা চালিয়েছিল। এছাড়া খামিস মুশাইত শহরের কিং খালেদ বিমানঘাঁটি এবং জাজানের নৌঘাঁটিতেও হামলার দাবি করেছে তারা। হুতিদের অভিযোগ, গত ২৪ ঘণ্টায় সৌদি জোট ইয়েমেনের হোদেইদা, লাহিজ, আমরান, সাদা, আল-জাওফ, তাইজ ও ইব প্রদেশে অন্তত ৫৬টি বিমান হামলা চালিয়েছে। তবে রিয়াদ বিমানবন্দর ও অন্যান্য স্থাপনায় হুতিদের হামলার দাবি এবং সৌদি জোটের পাল্টা হামলার তথ্যের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।








