৭৫ হাজার টাকার একটি শাড়ি সংক্রান্ত ঘটনার জের ধরে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। এ ঘটনায় ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে একটি নতুন মামলা দায়ের করেছেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন সানায়া আনাম। দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় দায়ের করা ওই মামলার পর থেকেই তানজিন তিশা বিভিন্ন সময় বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন এবং নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ৭ নভেম্বর ফোন করে তানজিন তিশা বাদীকে হুমকি দিয়ে বলেন, তিনি তার পেছনে লাগলে বাদী বাঁচতে পারবেন না। এছাড়া ডিবি পুলিশ নিয়ে বিষয়টি সমাধানের হুমকিও দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। আগের ওই মামলায় তদন্ত কর্মকর্তা পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দিয়েছেন দাবি করে সানায়া আনাম ২০২৬ সালের ২৫ অক্টোবর আদালতে নারাজি আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগে আরো বলা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর মুঠোফোনে বাদীকে হুমকি দিয়ে তানজিন তিশা বলেন, আমি যদি তোমার পেছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না। আদালত আবেদনটি মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তানজিন তিশা ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগে বলা হয়। এরপর থেকেই অজ্ঞাত ব্যক্তিরা বাদীকে মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে। এমনকি মামলা তুলে না নিলে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলেও ভয় দেখানো হয়। এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় থাকা সানায়া আনাম থানায় মামলা করতে গেলে তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়।








