দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশ। পরীক্ষার ফলাফল অনুযায়ী, এবার ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। তবে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ছয়টি। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।
বোর্ড সূত্রে জানা যায়, এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতাধীন আটটি জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৩৯৮ জন। জিপিএ-৫ পেয়েছেন মোট ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। গত কয়েক বছরের তুলনায় এবারের পাশের হার বেশ কম এবং এটি বোর্ডের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সর্বনিম্ন ফলাফল। তাদের মধ্যে পাশ করেছেন ৫১ হাজার ৩৯৮ জন।
বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো ফল করেছে বিজ্ঞান বিভাগ, যেখানে পাশের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ। এছাড়া মানবিক বিভাগে ৩৯ দশমিক ৯৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাশের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ। সামগ্রিক ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। ছেলেদের পাশের হার যেখানে ৪১ দশমিক ৩১ শতাংশ, সেখানে মেয়েদের পাশের হার ৫০ দশমিক ২৬ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েরাই আধিপত্য ধরে রেখেছেন। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ১ হাজার ৫৭০ জন এবং ছাত্র ১ হাজার ৩৮৩ জন। অর্থাৎ সব মিলিয়ে পাশের হার ও মেধাতালিকায় এগিয়ে থেকে মেয়েরা সামগ্রিক ফলাফলে ভালো অবস্থানে রয়েছেন।








