প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সাথে তুলনা, সরানো হলো সচিব মসিউরকে

Published: November 4, 2026, 4:25 am

প্রধানমন্ত্রীর দেওয়া স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে আলোচনার জন্ম দেওয়া ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। গত ৩ নভেম্বর মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১ নভেম্বর ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচল উদ্বোধনকালে মসিউর রহমান বিতর্কিত ওই মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-কে হাদিসের সঙ্গে তুলনা করেন। নিজের এই মন্তব্যের বিষয়ে তিনি বলেন, স্লোগানটিকে হাদিস বললে অনেকে মনে করতে পারেন যে পরবর্তী পদায়নের জন্য তিনি প্রধানমন্ত্রীকে তোষামোদ করছেন।

মসিউর রহমান আরও বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ’—এই বাণী যারা অস্বীকার করবেন, তাদের দেশপ্রেম নেই। তিনি যোগ করেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এটা হাদিস, এটা শাশ্বত বাণী। এ সময় তিনি আরও বিতর্কিত মন্তব্য করে বলেন, ‘এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। যেহেতু ওনার মুখে দাড়ি নেই, টুপি পরেন না, সেজন্য এটা হাদিস হয়নি! তবে আসলে এটা হাদিস।’

রাজনৈতিক একটি স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করার বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া ও বিতর্কের সৃষ্টি হয়। এই ঘটনার পর সরকারি দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এলো।