প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দর থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। বৃহস্পতিবার বাগেরহাটের মোংলায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, এই অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করার জন্য পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। তিনি শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে চীনা বিনিয়োগকারীদের মোংলাকে কেন্দ্র করে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
একইদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (সিআরসিসি)-এর মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এই চুক্তি সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের ক্ষেত্রে বিশেষ সহায়তার জন্য চীনা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের উল্লেখ করে দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার প্রচেষ্টায় অংশীদার হওয়ায় চীনা বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।








