ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত এবং পলাতক থাকায় তাকে পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি স্পষ্ট করেন, আইন অনুযায়ী ন্যূনতম দুই বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া সম্ভব নয়।
চিফ প্রসিকিউটর বলেন, বিচারের মুখোমুখি হতে শেখ হাসিনার কোনো সদিচ্ছা নেই।
মামলা চলাকালীন তিনি বিচার এড়িয়ে গেছেন এবং রায়ের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল দায়ের করেননি। এখন তার আপিল করার আইনগত সুযোগ আর অবশিষ্ট নেই। তিনি দেশে ফিরলে আদালতের রায় অনুযায়ী ফাঁসি কার্যকর করা ছাড়া রাষ্ট্রের কাছে আর কোনো পথ খোলা নেই। একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে বলে তিনি মন্তব্য করেন।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ ভারতের বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদন করেছে বলে গণমাধ্যমে তথ্য এসেছে। এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, যিনি পাসপোর্ট পেতে আগ্রহী, তিনি নিজে কিংবা তার দলের কেউ আবেদন করেননি। একটি বিদেশি ল ফার্মের মাধ্যমে এই আবেদন করা হাস্যকর। পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি একইভাবে প্রত্যাখ্যান করেছেন। পররাষ্ট্রমন্ত্রী যথার্থই এটাকে হাস্যকর বলেছেন।
শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন— এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক দলিল ট্রাইব্যুনালের কাছে নেই উল্লেখ করে তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে কেবল জানানো হয়েছে যে, মানবিক কারণে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি যদি আসলেই দেশে ফিরতে চান, তবে ভারত সরকারের কাছে তাকে লিখিত আবেদন করতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরানোর অনুরোধ জানানোর মাধ্যমেই সেটি সম্ভব। কিন্তু এমন কোনো উদ্যোগ বা সদিচ্ছা তার পক্ষ থেকে দেখা যায়নি। সদিচ্ছা থাকলে তিনি মামলা চলাকালে দেশে এসে তা মোকাবিলা করতেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজের আত্মীয়স্বজন নিয়ে নিরাপদে দেশ থেকে পালিয়েছেন, কিন্তু নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলে গেছেন। এখন পাসপোর্টের নামে এ ধরনের কর্মকাণ্ড আসলে একটি নতুন ভুলের শামিল। ভার্চুয়াল মাধ্যমে বর্তমানে যেসব অডিও বা বক্তব্য ছড়িয়ে পড়ছে, সেগুলো যে সত্যিই তার নিজের, তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এখন তাদের আরও বিপদে ফেলতে এ ধরনের অপতৎপরতা চালালে, আমার মনে হয়, দলগতভাবেও আপনি আরেকটি ভুল করতে যাচ্ছেন।








