প্রকৃত শিক্ষা শুধু সনদ অর্জন নয়: রুহুল কবির রিজভী

Published: November 11, 2026, 10:05 am

কেবল পাঠ্যপুস্তকের মুখস্থবিদ্যা কিংবা ডিগ্রির সনদ অর্জন করলেই তাকে প্রকৃত শিক্ষা বলা যায় না। শিক্ষার আসল সার্থকতা নিহিত রয়েছে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সঠিক সমন্বয়ে। রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে বুধবার আয়োজিত নবাগত ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সত্যিকারের শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং প্রতিটি শিক্ষার্থীর মন ও গৃহে আনন্দের সঞ্চার করে। কেবল চাকরি বা উপার্জনের লক্ষ্যে ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, বরং একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার অন্তর্নিহিত চেতনা হৃদয়ে ধারণ করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ তৈরি করতে ব্যর্থ হয়, তা কখনোই প্রকৃত শিক্ষা হিসেবে গণ্য হতে পারে না। এই অনুষ্ঠানে নবাগতদের অভিনন্দন জানিয়ে তিনি শিক্ষা ও দূরদৃষ্টি বা ভিশনের ওপর গুরুত্বারোপ করেন।

ছাত্রজীবনের স্মৃতিচারণা করে রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে পড়ার সময় তিনিও এমন নবীনবরণের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন। সময়ের বিবর্তনে অনেক কিছু পাল্টালেও আমাদের সংস্কৃতির ধারা অটুট রয়েছে। তিনি তার শিক্ষক রুহুল আমিন স্যারের কথা স্মরণ করে বলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের “শ্রীকান্ত” উপন্যাসটি তিনি যেভাবে আনন্দদায়কভাবে পড়াতেন, তা আজও তার স্মরণে আছে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, পাঠদান পদ্ধতি যেন শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় ও আনন্দদায়ক হয়।

দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি টেনে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর মাঝেই অসীম সম্ভাবনার ডানা লুকিয়ে থাকে। সঠিক প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমেই সেই ডানা মেলে আকাশে ওড়ার কৌশল রপ্ত করতে হয়। প্রতিযোগিতার ক্ষেত্রে কিছুটা জেদ বা ইগো থাকা ভালো, তবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পর সেই ইগো ত্যাগ করে আত্মসম্মানবোধের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।

কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান প্রমুখ।