বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সময়োপযোগী করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করেছে। এই নীতিমালার আওতায় ভর্তির বয়সসীমা, বিভিন্ন শ্রেণিতে আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার পদ্ধতি এবং ফি কাঠামো সংক্রান্ত সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসরণ করে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১লা জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি এবং অবশ্যই ৭ বছরের কম হতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর জন্ম তারিখ ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২০-এর মধ্যে হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ ৫ বছরের শিথিলতা রাখা হয়েছে। শিক্ষাবর্ষ ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রতি শ্রেণি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করানো যাবে। প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন এবং সমসংখ্যক অপেক্ষমান তালিকা তৈরি করা বাধ্যতামূলক।
দ্বিতীয় থেকে নবম শ্রেণির খালি আসনগুলোতে লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী বাছাই করা হবে। পরীক্ষার মানবণ্টন অনুযায়ী, দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ৫০ নম্বরের পরীক্ষায় (বাংলা ১৫, ইংরেজি ১৫, গণিত ২০) সময় দেওয়া হবে ১ ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির ১০০ নম্বরের পরীক্ষার (বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত ৪০) সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা। অনলাইনে প্রথম শ্রেণির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য ২৫০ টাকা ধরা হয়েছে। ফরম বিতরণের জন্য অন্তত ৭ কার্যদিবস সময় দিতে হবে। ভর্তি ও সেশন চার্জসহ সর্বসাকুল্যে ফি মফস্বলে ৫০০ টাকা, পৌর (উপজেলা) এলাকায় ১,০০০ টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২,০০০ টাকা এবং ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩,০০০ টাকার বেশি নেওয়া যাবে না।
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০,০০০ টাকা (উন্নয়ন ফি ৩,০০০ টাকাসহ) নেওয়া যাবে। সংরক্ষিত কোটার বিষয়ে বলা হয়েছে, মোট আসনের বিপরীতে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫%, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২%, এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১%, শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য ২%, সহোদর বা সহোদরদের জন্য ৩% এবং যমজ ভাই বা বোনের জন্য ২% আসন বরাদ্দ থাকবে।







