জরুরি প্রয়োজনে বাড়ি সংস্কার, চিকিৎসা বা উচ্চশিক্ষার মতো ব্যক্তিগত খরচ মেটাতে ব্যাংক থেকে ঋণ নেওয়া এখন সাধারণ বিষয়।
সিটি ব্যাংক ব্যক্তিগত ঋণ বা পারসোনাল লোন হিসেবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা দিচ্ছে। এই ঋণের পরিশোধের মেয়াদ ১ থেকে ৫ বছর বা ১২ থেকে ৬০ মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আবেদনকারী নিজের আর্থিক সক্ষমতা অনুযায়ী কিস্তির সময়সীমা বেছে নিতে পারেন। ব্যাংক সূত্রে জানা গেছে, এই প্যাকেজে প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয় এবং বর্তমানে অনেক গ্রাহকই এই সুবিধা গ্রহণ করছেন। গত দুই মাস আগে ব্যক্তিগত ঋণের সীমা ২০ লাখ থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছে। সিটি ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যক্তিগত ঋণের পরিমাণ সর্বনিম্ন ২ লাখ থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা। চাকরিজীবীরা এ ঋণ বেশি গ্রহণ করেন বলে জানান ব্যাংকটির কর্মকর্তারা।
সিটি ব্যাংকের তথ্য অনুযায়ী, ঋণ পাওয়ার ক্ষেত্রে চাকরিজীবী ও অন্যান্য পেশাজীবীর মাসিক আয়ের ওপর ভিত্তি করে সীমা নির্ধারণ করা হয়। বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মাসিক বেতন কমপক্ষে ৪০ হাজার টাকা হওয়া জরুরি। বেতন ৪০ হাজার টাকা হলে ঋণ পাওয়া যাবে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা, আর ৫০ হাজার টাকা বেতন হলে ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। আবেদনকারীর বয়স ২২ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে এবং পেশাভেদে নির্ধারিত কর্মজীবনের অভিজ্ঞতা থাকা আবশ্যক। তবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বেতনের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, তাতে ঋণের পরিমাণও কমবে।
বিভিন্ন পেশাজীবীর আবেদনের শর্তাবলি
- বেসরকারি চাকরিজীবী: একই প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা ও কমপক্ষে ৪০ হাজার টাকা মাসিক আয়।
- স্বনিয়োজিত পেশাজীবী (চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি ও হিসাববিদ): অন্তত দুই বছরের পেশাগত অভিজ্ঞতা ও মাসে কমপক্ষে ৬০ হাজার টাকা আয়।
- ব্যবসায়ী: ব্যবসার বয়স কমপক্ষে তিন বছর এবং মাসে ন্যূনতম এক লাখ টাকা আয়।
- বাড়িওয়ালা: মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার টাকা হতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- আবেদনকারী ও জামিনদারের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের ফটোকপি।
- আবেদনকারীর তিন কপি এবং জামিনদারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
- আবেদনকারী ও জামিনদারের ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড অথবা অফিস পরিচয়পত্রের ফটোকপি।
- হালনাগাদ ই-টিআইএন সনদ।
- সর্বশেষ ইউটিলিটি বিলের কপি।
- চাকরিজীবীদের জন্য অফিসের পরিচয়পত্র (লেটার অব ইনট্রোডাকশন), বেতন সনদ বা বেতন বিবরণী এবং ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- স্বনিয়োজিত পেশাজীবীদের জন্য ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, পেশাগত সনদের কপি ও আয়ের ঘোষণা।
সিটি ব্যাংকের হেড অব প্রোডাক্টস (অ্যাকুইজিশন্স অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার) সুবীর কুমার কুন্ডু জানান, ব্যক্তিগত ঋণের সুদের হার সাধারণত ১০ থেকে ১১ শতাংশের মধ্যে থাকে, তবে তা পরিবর্তনশীল। এখন এটা ১০ থেকে ১১ শতাংশ হয়।
ঋণের পরিমাণ, গ্রাহকের পেশা এবং চাকরির ধরন বিবেচনা করে চূড়ান্ত সীমা নির্ধারণ করা হয়।
ব্যাংকটি জানিয়েছে, এই ঋণে কোনো গোপন মাশুল নেই এবং ঋণগ্রহীতার মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে দ্বিগুণ অঙ্কের বিমা সুরক্ষা সুবিধা রয়েছে। বিপদে–আপদে নানা কারণে হঠাৎ বড় অঙ্কের অর্থের প্রয়োজন হতে পারে। পাশাপাশি প্রতিযোগিতামূলক সুদহারের সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেছে ব্যাংকটি।
যে কোনো ব্যাংক হিসাব থেকেই গ্রাহক এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। ঋণের আবেদন করতে চাকরিজীবী ও অন্য পেশার গ্রাহকদের কিছু কাগজপত্র জমা দিতে হবে।
তবে আবেদন করার আগে সুদের হার, প্রসেসিং ফি ও অন্যান্য মাশুল সম্পর্কে বিস্তারিত তথ্য ব্যাংকের শাখা থেকে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
- আবেদনে কী লাগবে।








