সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে জামিন পেলেও তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বেনজীরকে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের আইনি, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রেখেছে এবং এ ক্ষেত্রে সরকারের কোনো নিষ্ক্রিয়তা নেই।
মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংসদকে অবহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের উপযুক্ত আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তদন্তকারী সংস্থার অনুরোধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয় এবং ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোল তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, ২০২৬ সালের ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায়, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে আমিরাতের ফেডারেল আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানানো হয়। নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা না করে মাত্র চার দিনের মধ্যে, ১৬ জুন, আমিরাতের সেন্ট্রাল অথরিটির কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায় বাংলাদেশ সরকার।
তিনি বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া; শুধু রেড নোটিশ বা গ্রেপ্তারের মাধ্যমে তা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী দেশের সেন্ট্রাল অথরিটি ও আদালত সে দেশের আইন অনুযায়ী আবেদন, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা ও প্রমাণাদি পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়। কোনো ব্যক্তির জামিন পাওয়া প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার বা প্রত্যাখ্যানের নির্দেশ করে না বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বেনজীর আহমেদ আমিরাত ছেড়ে যেতে পারবেন না—এমন শর্তে তিনি জামিনে রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র সরবরাহ করা হয়েছে, সেখানে স্থানীয় আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এবং বেনজীরের অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত খোঁজখবর ও সমন্বয় চলছে। পাশাপাশি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট দেশগুলোতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে; প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়ার পর সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








