ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণে আতঙ্ক, নির্ধারিত সময়ের আগেই দেশ ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী

Tajanews24

Published: November 12, 2026, 8:17 am

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আটজন চীনা বিনিময় শিক্ষার্থী। নিউ এজ পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাওসার।

প্রাধ্যক্ষ জানিয়েছেন, আট শিক্ষার্থীর মধ্যে দুজন ইতিমধ্যে ঢাকা ছেড়ে চীনে ফিরে গেছেন। বাকি ছয়জন নিজ বিশ্ববিদ্যালয়ের পরামর্শে আগামী শুক্রবার (১৩ নভেম্বর) দেশে ফেরার কথা রয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদের দিকে যাওয়ার সময় কাছেই একটি ককটেল বিস্ফোরিত হলে শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েন এবং এর পরপরই সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেন বলে তিনি জানান।

শিক্ষার্থীরা চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) স্বল্পমেয়াদি বাংলা ভাষা কোর্সে অংশ নিতে এসেছিলেন। কোর্সের পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীদের এক বা দুই সেমিস্টার বাংলাভাষী কোনো দেশে কাটাতে হয়। চলতি মাসের শেষ দিকে তাঁদের কোর্স ও পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।

প্রাধ্যক্ষ আরও জানিয়েছেন, হলে অবস্থানরত অন্য বিদেশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলার পর তাঁরা কিছুটা আশ্বস্ত হয়েছেন এবং আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় ক্যাম্পাসের ছয়টি স্থানে অন্তত আটটি ককটেল বিস্ফোরিত হয় এবং সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকায় আরেকটি বিস্ফোরণ ঘটে। আগের বিস্ফোরণগুলোতে কেউ হতাহত না হলেও মঙ্গলবার ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের সামনে ককটেল বিস্ফোরণে দুজন আহত হন বলে নিউ এজ জানিয়েছে।