ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমাদ ওয়াহিদি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা বাহ্যিক হুমকি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির গতি কমাতে পারবে না।
দেশটির মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তাসনিম বার্তা সংস্থার তথ্যানুযায়ী, সব ধরনের প্রতিকূলতা উপেক্ষা করে সামরিক সক্ষমতা বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির পথিকৃৎ শহীদ হাসান তেহরানি মুকাদ্দামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ওয়াহিদি বলেন, তার দেখানো পথ অনুসরণ করে ইরান এখনো অটল। তিনি আইআরজিসির মহাকাশ ও বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, পাহাড়ের গভীরে এবং ভূগর্ভস্থ স্থাপনায় তারা যে সামরিক শক্তি গড়ে তুলছেন, তা শত্রুপক্ষকে বুঝতে হবে। রক্ত ও বিশ্বাসের শক্তিতে এই যাত্রা থামানো অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
বার্তায় আইআরজিসির সাবেক দুই কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির অবদানের কথাও বিশেষভাবে স্মরণ করেছেন আহমাদ ওয়াহিদি। সামরিক সক্ষমতা আরও জোরদার করতে সংশ্লিষ্ট সদস্যদের নিরলস কাজের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো বাধাই তাদের লক্ষ্যচ্যুত করতে পারবে না। বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিভিন্ন দেশের চাপের মুখে এই মন্তব্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।








