ইরানের ওপর আপাতত বড় ধরনের কোনো সামরিক হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি মিত্র দেশের অনুরোধেই তিনি এই কৌশল বজায় রেখেছেন। তেহরানকে আপাতত সামরিক হামলার বদলে অর্থনৈতিক ও সামরিক চাপে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ট্রাম্প জানান, সৌদি আরব তাকে বর্তমান পরিস্থিতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে। একই ধরনের অনুরোধ এসেছে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন থেকে। মিত্রদের এই অবস্থানের সঙ্গে নিজে পুরোপুরি একমত কি না, তা নিয়ে কিছুটা দ্বিধা থাকলেও তাদের অনুরোধকে গুরুত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এসব দেশ অনুরোধ না করলে ইরানে বড় ধরনের হামলা চালাতেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি ‘হ্যাঁ’ সূচক উত্তর দিয়েছেন।
নিজের সামরিক সক্ষমতার বিষয়ে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব অল্প সময়ের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ সব স্থাপনা গুঁড়িয়ে দিতে পারে। তিনি বলেন, ‘এক দিনের মধ্যেই তাদের জ্বালানি অবকাঠামো ধ্বংস করা সম্ভব। একইভাবে একদিনে সেতু এবং আরেক দিনে তাদের উৎপাদন সক্ষমতা শেষ করে দেওয়া যাবে। সব মিলিয়ে মাত্র তিন দিনই আমার জন্য যথেষ্ট।’
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার বিষয়টিও স্বীকার করেছেন ট্রাম্প। তিনি জানান, এই মূল্যবৃদ্ধি মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে। তবুও ইরানে হামলা চালানোর সিদ্ধান্তের বিষয়ে তিনি নিজের অবস্থানে অটল রয়েছেন।
সূত্রগুলো থেকে জানা গেছে, এর আগে ইসরায়েলের নির্বাচনের প্রাক্কালে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মোসাদ প্রধান ইরানে হামলার একটি পরিকল্পনা করেছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্টের বর্তমান কৌশল সেই পরিস্থিতিকে ভিন্ন মোড় দিয়েছে।








