ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে তীব্র উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় এ পরিস্থিতি সৃষ্টি হলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের হস্তক্ষেপে শান্ত হয় সংসদ।
ঘটনার সূত্রপাত সংসদ সদস্য মো. নুরুল আমীনের একটি লিখিত প্রশ্নের উত্তরে সম্পূরক প্রশ্ন উত্থাপনের মাধ্যমে। কুমিল্লার ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের গুরুতর অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন, সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও নিকটাত্মীয়দের ডিলারশিপ দেয়া হয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপি সমর্থক এবং তাদের অনেকেই দলের নেতাদের পরিবারের সদস্য বলে দাবি করেন তিনি। এছাড়াও কিছু সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করার অভিযোগ তুলে তিনি এর ব্যাখ্যা চান। সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে, ভাগ্নি ও স্বজনরা পেয়েছেন সারের ডিলারশিপ: সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ কয়েকটি সংবাদ শিরোনাম উল্লেখ করে বলেন, ‘সারের ডিলার হয়েছেন এমপি’র ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের দায়িত্ব দেয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিল। পাশাপাশি সংসদ সদস্যদের নিজেদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা নেয়ার প্রবণতা কবে বন্ধ হবে, সে প্রশ্নও তোলেন তিনি।
জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমেই স্বচ্ছতার সাথে ডিলার নিয়োগ দেয়া হয়েছে। উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি আবেদন যাচাই-বাছাই করেছে। প্রতিটি আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও শর্তাবলি অনুসরণ করা হয়েছে। জেলা পর্যায়ের কমিটি থেকে চূড়ান্তভাবে তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠানোর পর মন্ত্রণালয় প্রথম ব্যক্তিকে নিয়োগ দিয়েছে। প্রতিটি প্রস্তাব কমিটির সকল সদস্যের স্বাক্ষরসহ এসেছে, কোনো একক ব্যক্তির স্বাক্ষরে এটি হয়নি বলে মন্ত্রী দাবি করেন। আওয়ামী লীগের সময়ে যারা সারের ব্যবসা করতেন, তাদের আবার সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে নিয়ম করা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। মন্ত্রী বলেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। কথা বলার ক্ষেত্রে আমাদের ভাষার প্রতি সংযত হওয়া উচিত। প্রয়োজন হলে প্রজ্ঞাপন পরিবর্তন করে এমন ব্যবস্থা নেয়া উচিত, যাতে সবাই উপকৃত হন এবং সম্মিলিতভাবে কাজ করা সম্ভব হয়।
সংসদে হট্টগোল ও চিৎকার বেড়ে গেলে ডেপুটি স্পিকার বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সংসদ সদস্যদের ধৈর্য ধরে মন্ত্রীর উত্তর শোনার আহ্বান জানান। ডেপুটি স্পিকার স্পষ্ট করেন যে, মন্ত্রীর উত্তরে সন্তুষ্ট না হলে পুনরায় প্রশ্ন করার সুযোগ রয়েছে, তবে বিশৃঙ্খল আচরণ কাম্য নয়। মন্ত্রী নিজেও এ সময় জানান যে, নতুন মন্ত্রী হিসেবে তিনি বক্তব্য দেয়ার সময় কথা বলা হলে তার বিঘ্ন ঘটে। এর পরিপ্রেক্ষিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি বক্তব্য অব্যাহত রাখেন। এরপর ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন।
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার সারের ভর্তুকি বাবদ ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে সরকার বিশেষ টাস্কফোর্স গঠন ও মোবাইল কোর্ট পরিচালনার মতো কঠোর মনিটরিং কার্যক্রম গ্রহণ করেছে।
কৃষিমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি অভিযোগগুলোর বিরোধিতা করেন। তিনি বলেন, অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। যদি এমন কোনো অভিযোগের প্রমাণ থাকে তবে তা সংশ্লিষ্ট সংসদ সদস্য মন্ত্রীর সাথে সরাসরি আলোচনা করতে পারেন বা লিখিতভাবে দিতে পারেন। প্রমাণ ছাড়া সংসদে এ ধরনের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য তিনি ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান। তিনি আরও বলেন, সার একটি স্পর্শকাতর পণ্য। আগের সরকারের আমলের ডিলারদের বাতিল করে নতুন ডিলার নিয়োগের সিদ্ধান্তটি সংসদে সবার সম্মতিক্রমে নেয়া হয়েছিল। প্রজ্ঞাপনে কোনো ত্রুটি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি। মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। কিন্তু এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী যে প্রজ্ঞাপন জারি করেছেন, তাতে কোনো ভুলত্রুটি থাকলে তা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করা যেতে পারে।








