বাঁশখালীতে ঘর থেকে বাবা ও যমজ দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার

Tajanews24

Published: November 13, 2026, 10:17 pm

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের একটি বাড়ি থেকে বাবা ও তাঁর যমজ দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মওলার পাড়া এলাকায় শ্বশুরবাড়ির একটি ঘরের দরজা ভেঙে মরদেহ তিনটি উদ্ধার করা হয় বলে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানিয়েছেন।

নিহত ব্যক্তির নাম জাহেদ হোসেন (৫৫)। তাঁর বাড়ি বাঁশখালীর চাম্বল ইউনিয়নে হলেও তিনি পুইছড়িতে শ্বশুরবাড়িতে থাকতেন। নিহত যমজ দুই শিশুর নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত। পুলিশ জানিয়েছে, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএসপি মাহমুদুল হাসান জানিয়েছেন, শুক্রবার বিকেলে জাহেদের স্ত্রী, শাশুড়িসহ পরিবারের সদস্যরা স্থানীয় একটি এতিমখানায় যান। তখন বাড়িতে ছিলেন জাহেদ ও তাঁর যমজ দুই সন্তান। স্ত্রী ও শাশুড়ি ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও দরজা না খোলায় তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ তিনটি দেখতে পান।

পুলিশ কর্মকর্তা বলেন, শিশু দুটি দুটি খাটের ওপর শোয়ানো ছিল, আর জাহেদ ঘরের সিলিং থেকে ঝুলছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, দুই শিশুকে শ্বাসরোধে হত্যার পর জাহেদ নিজে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

এএসপি আরও জানিয়েছেন, জাহেদ একসময় প্রবাসে ছিলেন। দেশে ফিরে বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। আর্থিক অসুবিধাসহ নানা কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।