দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০৪ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে সিলেট বিভাগের তিনজন, ঢাকা বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে অধিদপ্তর জানিয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ১৯৯ জন, আর পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে দুই লাখ ৪৫ হাজার ৫৬২ জনের, যাদের মধ্যে ২৫ হাজার ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৭১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১৪৮ জনের হাম নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে এক দিনে নতুন রোগীর সংখ্যা এক হাজার ৪১৯। অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৯ হাজার ২৪৭ জন, যাদের মধ্যে দুই লাখ ১০ হাজার ৪০১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, এসব পরিসংখ্যানে মূলত হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই অন্তর্ভুক্ত হয়েছে। ফলে হাসপাতালের বাইরে থাকা রোগীদের হিসাব এতে পুরোপুরি প্রতিফলিত নাও হতে পারে।








