গোপালগঞ্জে আওয়ামী লীগের মহড়া, সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর

Published: November 15, 2026, 10:25 am

গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে লগি-বইঠা, রামদা ও চাইনিজ কুড়ালসহ নানা দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত এসব কর্মসূচি পালিত হয়। সকালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতা-কর্মী ও সমর্থক শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় জড়ো হন। বিক্ষোভকারীদের কারও কারও মাথায় হেলমেট দেখা যায় এবং তারা নানা ধরনের স্লোগান দেন।

বিক্ষোভের একপর্যায়ে পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) ওপর দাঁড়িয়ে স্লোগান দেন দলটির নেতা-কর্মীরা। তারা সাঁজোয়া যানের পেছনের লুকিং গ্লাস ও স্থানীয় পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। পাশাপাশি এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়।

এছাড়া লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলক ভাঙচুর করেন মিছিলকারীরা। অন্যদিকে, গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন দলটির নেতা-কর্মীরা।