রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে পাঠিয়ে চিকিৎসকেরা পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পান বলে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে অনুমান করা হয়েছে, দেশের বড় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। তবে এই হিসাব স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রবিবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংস্থাটির ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটিতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। এটি সম্পাদনা করেছেন বিএইচডব্লিউর আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআর,বির ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।
গবেষণায় আরও বলা হয়েছে, আকস্মিক পরিদর্শনের সময় সরকারি হাসপাতালগুলোর প্রায় ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। প্রতিবেদন অনুযায়ী, দেশে মোট স্বাস্থ্য ব্যয়ের ৭৩ শতাংশই রোগীদের নিজের পকেট থেকে দিতে হয়। এছাড়া কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার অব্যবহৃত চিকিৎসা সরঞ্জামের তথ্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য খাতের দুর্নীতি কেবল ব্যক্তিগত অনিয়ম নয়; দুর্বল জবাবদিহি, ক্ষমতার অপব্যবহার ও তদারকির ঘাটতির কারণে এটি একটি প্রাতিষ্ঠানিক সমস্যায় পরিণত হয়েছে। কমিশনের এই লেনদেন চিকিৎসকদের সিদ্ধান্তকে রোগীর প্রয়োজন থেকে আর্থিক প্রণোদনার দিকে ঠেলে দিতে পারে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মো. এহতেশামুল হক চৌধুরী চিকিৎসকদের ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বলে নিউ এজ জানিয়েছে। বাংলাদেশ হেলথ ওয়াচও বলেছে, তাদের প্রতিবেদনটি একটি প্রমাণভিত্তিক অ্যাডভোকেসি প্রতিবেদন, পূর্ণাঙ্গ গবেষণা অধ্যয়ন নয়।








