আজ ঢাকায় খতমে নবুওয়াত জাতীয় সেমিনার, প্রধান অতিথি হেফাজত আমির, থাকবেন ধর্মমন্ত্রীও

Tajanews24

Published: নভেম্বর 17, 2026, 8:52 অপরাহ্ন

রাজধানীতে আজ বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে খতমে নবুওয়াত জাতীয় সেমিনার। ‘সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এই সেমিনারে দেশের বিশিষ্ট আলেম-উলামা, ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর।

সেমিনারে আরও উপস্থিত থাকবেন মাওলানা খলিল আহমদ কুরাইশী কাসেমী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মুফতি আরশাদ রহমানী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী ও ড. আ ফ ম খালিদ হোসেনসহ দেশের বিশিষ্ট আলেম-উলামা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

আয়োজক সূত্রে জানা গেছে, সেমিনার থেকে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য ও সিদ্ধান্ত তুলে ধরা হবে এবং খতমে নবুওয়াতের গুরুত্ব ও তাৎপর্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। প্রোগ্রামটি সফল করার আহ্বান জানিয়েছেন মুফতি মোহাম্মদ আলী ও মুফতি হাফিজ উদ্দিন। মিডিয়া সমন্বয়ক জানিয়েছেন, সেমিনারের আলোচনা, বক্তব্য ও সিদ্ধান্ত গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আয়োজকরা গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।