দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে নির্মিত কেন্দ্রটি জাতীয় গ্রিডের সঙ্গে পরীক্ষামূলকভাবে যুক্ত হয় এবং এর মধ্য দিয়ে কেন্দ্রটির ট্রায়াল রান শুরু হয়। কোম্পানিটির তথ্য অনুযায়ী, বিকেল ৩টা ৪৫ মিনিটে কেন্দ্রটির উৎপাদন ছিল ৩৫০ মেগাওয়াট।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। প্রথম ধাপে কেন্দ্রটি থেকে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার অর্থ বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়। পরবর্তী ধাপে বিভিন্ন উৎপাদনক্ষমতায় কেন্দ্রটির যন্ত্রপাতি, নিরাপত্তাব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা পরীক্ষা করা হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়ানো হবে এবং পরবর্তী পর্যায়ের পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। কর্মকর্তারা বলছেন, গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ।
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত রূপপুর কেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট কেন্দ্রটি নির্মাণ করছে। চুক্তি অনুযায়ী প্রথম ইউনিটের ১০ মাসের পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে স্থায়ীভাবে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন।








