৬৮ টাকার নতুন আলু ঢাকায় বিক্রি হচ্ছে ১৫০ টাকায়

Tajanews24

Published: নভেম্বর 20, 2026, 3:57 পূর্বাহ্ন

আগাম নতুন আলুর সরবরাহ শুরু হলেও রাজধানীর বাজারে এর দাম এখনো চড়া। উত্তরাঞ্চলের কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৬৮ টাকা দরে কেনা নতুন আলু ঢাকার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৫০ টাকায়। উৎপাদন এলাকা থেকে রাজধানীর বাজারে পৌঁছাতে প্রতি কেজি আলুর দামে ব্যবধান দাঁড়াচ্ছে প্রায় ৮০ টাকা বলে জানিয়েছে দৈনিক আমার দেশ।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি নতুন আলু বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৫০ টাকায়। আকারে বড় হলেও ভারত থেকে আমদানি করা আলুর দামও প্রায় একই; এসব আলু বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা কেজি দরে। অন্যদিকে পুরোনো আলু মিলছে মাত্র ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে, ফলে নতুন আলু কিনতে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজারে বৃহস্পতিবার ভোরে পাইকারি পর্যায়ে দেশি নতুন আলু বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকা এবং ভারতীয় আলু ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। খুচরা বাজারে এক বিক্রেতাকে দেশি নতুন আলু ১৫০ টাকা ও ভারতীয় আলু ১৬০ টাকা কেজি দরে বিক্রি করতেও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা কারেজ ও সেভেন জাতের আগাম আলু তুলছেন। রোপণের মাত্র ৫৫ দিনের মাথায় আলু তুলে তারা জমি থেকেই প্রতি কেজি ৬৮ টাকা দরে পাইকারদের কাছে বিক্রি করছেন বলে আমার দেশের স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন।

ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে আলু তোলা শুরু হলে সরবরাহ বাড়বে এবং তখন নতুন আলুর দাম আরও কমতে পারে। তত দিন পর্যন্ত চড়া দামেই নতুন আলু কিনতে হবে রাজধানীর ক্রেতাদের।