রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ দেড় বছরের শিশু আরিস রহমান মাহাদ মারা গেছে। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে একই ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহাদের মা ইফতি সাবা (২৫)। চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফোরণে তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। মা ও ছেলের মৃত্যুতে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়াল।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে। বিস্ফোরণে দগ্ধ হন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা ও তাদের ছেলে মাহাদ। এ ছাড়া পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২) দগ্ধ হন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে মানিক ৬ শতাংশ, সানজিদা ৩৭ শতাংশ ও শামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। তিনজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানিয়েছেন, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে ফ্ল্যাটের দরজা-জানালা ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রতিবেশীরা আগুন নিভিয়ে দগ্ধদের হাসপাতালে নিয়ে যান। লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।








