গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে মোট ৪৯ প্লাটুন

Tajanews24

Published: নভেম্বর 21, 2026, 1:02 অপরাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে অতিরিক্ত সাত প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এতে জেলাটিতে দায়িত্ব পালনকারী আনসার ব্যাটালিয়নের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ প্লাটুনে। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানিয়েছেন।

গণসংযোগ কর্মকর্তা জানান, গোপালগঞ্জসহ দেশের সাত জেলায় বর্তমানে মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এর মধ্যে গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে সদস্য মোতায়েন রয়েছেন।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতেই এই মোতায়েন। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও সমন্বিত মোতায়েন পরিকল্পনা অনুযায়ী সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

মোতায়েন করা সদস্যরা জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। নিয়মিত টহল, নির্দিষ্ট স্থানে অবস্থান, মোবাইল টহল ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন বলে বাহিনী জানিয়েছে।

গণসংযোগ কর্মকর্তা আরও জানান, জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজন অনুযায়ী দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতিও রয়েছে সদস্যদের। সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।