ক্ষয়প্রাপ্ত অপরিশোধিত তেলের মজুত পূরণে সৌদি আরবের সঙ্গে নতুন সমঝোতায় পৌঁছেছে জাপান। সৌদি প্রেস এজেন্সির বরাতে প্রকাশিত যৌথ বিবৃতির উদ্ধৃতি দিয়ে জাপান টাইমস ও ব্লুমবার্গ জানিয়েছে, অনুকূল বাজার পরিস্থিতি সাপেক্ষে জাপান তার জাতীয় পেট্রোলিয়াম মজুতের জন্য সর্বোচ্চ ৮০ লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেল কিনবে। জ্বালানি নিরাপত্তা জোরদারে দুই দেশের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, জাপানে সৌদি আরব সাময়িকভাবে আরও ১ কোটি ৬০ লাখ ব্যারেল তেল সংরক্ষণের সুবিধা পাবে। বর্তমানে দেশটি জাপানে ৮০ লাখ ব্যারেল পর্যন্ত তেল সংরক্ষণ করতে পারে; নতুন সুবিধা যুক্ত হলে মোট সক্ষমতা দাঁড়াবে প্রায় ২ কোটি ৪০ লাখ ব্যারেল। জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় মজুত স্থাপনাগুলোর মাধ্যমে সীমিত সময়ের জন্য এই বাড়তি সুবিধা দেওয়া হবে এবং সৌদি আরব ইতোমধ্যে জাপানে যৌথ মজুতের ট্যাংকগুলোতে তেল পূরণ শুরু করেছে।
গত ৯ নভেম্বর সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান ও জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়ার ভার্চুয়াল বৈঠকের পর এই সমঝোতা চূড়ান্ত হয়। বৈঠকে দুই মন্ত্রী দুই দেশের কৌশলগত জ্বালানি অংশীদারত্ব পুনর্ব্যক্ত করেন এবং জ্বালানি নিরাপত্তা ও স্থিতিশীল অপরিশোধিত তেল সরবরাহে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। এর আগে মে মাসে গঠিত যৌথ টাস্কফোর্সের আলোচনার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত এসেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে গত মাসে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে জাপান তার জাতীয় মজুত থেকে তেল ছেড়েছিল। ওই উদ্যোগে সদস্য দেশগুলো রেকর্ড ৪০ কোটি ব্যারেল তেল ছাড়তে সম্মত হয়েছিল। ২০১০ সালে শুরু হওয়া যৌথ মজুত প্রকল্পের আওতায় সৌদি আরব জাপানে বাণিজ্যিক ব্যবহারের জন্য তেল সংরক্ষণ করে, আর জরুরি পরিস্থিতিতে সেই তেল কেনার ক্ষেত্রে জাপানি কোম্পানিগুলো অগ্রাধিকার পায়।
দুই দেশ এশিয়ায় জ্বালানি নিরাপত্তা জোরদারে জাপানের ‘পাওয়ার এশিয়া’ উদ্যোগের আওতায় সহযোগিতা অব্যাহত রাখতেও সম্মত হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য তেলের মজুত বাড়ানো, উৎপাদক দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করা এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিত সাড়া দেওয়ার সক্ষমতা গড়ে তোলা। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় তেল রপ্তানি যুদ্ধ-পূর্ব স্তরের কাছাকাছি ফিরে আসায় আমদানিকারক দেশগুলো এখন ছাড়া মজুত আবার পূরণের দিকে মনোযোগ দিচ্ছে।








