সোমালিয়ায় দুটি বিমানঘাঁটিকে সামরিক স্থাপনায় পরিণত করেছে আমিরাত, যাতায়াত মার্কিন বিমানেরও

Tajanews24

Published: নভেম্বর 21, 2026, 9:46 অপরাহ্ন

সোমালিয়ার দুটি বিমানঘাঁটিকে সামরিক স্থাপনায় পরিণত করেছে সংযুক্ত আরব আমিরাত। স্যাটেলাইট চিত্রে সেখানে ভূগর্ভস্থ অস্ত্র ও সরঞ্জাম রাখার জায়গা, সুরক্ষিত স্থাপনা, প্রতিরক্ষাব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির চিত্র দেখা গেছে বলে শনিবার জেরুজালেম পোস্ট জানিয়েছে। এসব ঘাঁটিতে মার্কিন সামরিক বিমানেরও যাতায়াত রয়েছে বলে খবরে বলা হয়েছে।

জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী, নিউইয়র্ক টাইমসের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে সোমালিয়ার বিচ্ছিন্নতাকামী অঞ্চল সোমালিল্যান্ডের বারবেরা এবং আধা স্বায়ত্তশাসিত অঞ্চল পন্টল্যান্ডের বসাসো বিমানঘাঁটিতে কয়েক বছরের নির্মাণ ও সম্প্রসারণের চিত্র উঠে এসেছে। অনুসন্ধানে দেখা গেছে, স্থাপনাগুলো আমিরাতই তৈরি ও পরিচালনা করছে।

বারবেরা বিমানঘাঁটির রানওয়ে সংস্কারের কাজ আমিরাত শুরু করে ২০১৮ সালে। ২০২৪ সালের স্যাটেলাইট চিত্রে সেখানে সামরিক সরঞ্জাম রাখার উপযোগী সুরক্ষিত স্থাপনা এবং ভূগর্ভস্থ গুদাম তৈরির প্রাথমিক কাজ দেখা যায়। পরবর্তী চিত্রগুলোতে ঘাঁটির চারপাশে প্রতিরক্ষাব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর সম্ভাব্য জায়গা এবং হেলিকপ্টার ওঠানামার স্থান দেখা গেছে। ঘাঁটিটি আমিরাতের আঞ্চলিক সামরিক তৎপরতার রসদ সরবরাহকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

পন্টল্যান্ডের বসাসো বিমানঘাঁটিতেও একই ধরনের সামরিক অবকাঠামো গড়ে তোলা হয়েছে। সেখানে বিমানের হ্যাঙ্গার, হেলিকপ্টার অবতরণের জায়গা এবং ভূগর্ভস্থ স্থাপনা রয়েছে। কার্যকর আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পাশাপাশি ড্রোনের উপস্থিতিও শনাক্ত করেছেন অনুসন্ধানকারীরা। বিশ্লেষকদের ধারণা, এসব ড্রোন আল-শাবাব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আমিরাত ব্যবহার করছে।

ঘাঁটি দুটিতে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতারও প্রমাণ মিলেছে। নিউইয়র্ক টাইমসের পর্যালোচনা করা উড়োজাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, গত এক বছরে মার্কিন সামরিক বিমান দুবার বারবেরায় গেছে; সর্বশেষ গত আগস্টে জিবুতি থেকে মার্কিন বিশেষ অভিযানবিষয়ক কমান্ডারদের নিয়ে একটি বিমান বারবেরা হয়ে বসাসোতে যায়। বসাসোয় সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়তার জন্য প্রায় দুই ডজন মার্কিন বিশেষ বাহিনীর সদস্য অবস্থান করছেন বলে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন। তবে বারবেরায় স্থায়ীভাবে সেনা মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।