দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের

Tajanews24

Published: নভেম্বর 23, 2026, 6:51 পূর্বাহ্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এই সরবরাহ শুরু হয় বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে বলে তিনি জানিয়েছেন।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথম দফায় প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। পরে রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

প্রথম গ্রিড সংযোগের সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতির পর দ্বিতীয় দফায় আবার সংযোগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এবারও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর পরিস্থিতি বিবেচনায় গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী গ্রীষ্মের আগেই, অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুৎ পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে সরবরাহের চেষ্টা চলছে।