ওষুধের কাঁচামাল ও চিকিৎসা সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর কমিয়ে রোগীদের খরচ কমানোর উদ্যোগ নিয়েছিল সরকার। তবে সেই ছাড়ের মধ্যেই হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত দুটি করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের দাম ১০ থেকে ১২ শতাংশ বাড়ানো হয়েছে বলে সমকালের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ফলে শুল্ক ছাড়ের সুফল শেষ পর্যন্ত রোগীর কাছে কতটা পৌঁছেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার জেনোস কোম্পানির তৈরি জেনোস ডিইএস স্টেন্টের দাম ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৬ হাজার টাকা করা হয়েছে, যা বেড়েছে ১২ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মেডট্রনিকের তৈরি অনিক্স রিংয়ের দাম ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর করোনারি ও নিউরোলজিক্যাল স্টেন্ট-সংক্রান্ত পরামর্শক কমিটির অষ্টম সভার সুপারিশের ভিত্তিতে এই মূল্য পুনর্নির্ধারণ করা হয় এবং ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশ জারি করে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আদেশে স্টেন্টের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনকারী দেশ, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নিবন্ধন নম্বর উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আমদানি ও বাজারজাতের আগে অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার কথাও বলা হয়েছে।
এদিকে কিডনি রোগীদের ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার আমদানিতে শুল্ক-কর প্রত্যাহার করা হলেও শ্রেণিবিন্যাস-সংক্রান্ত এইচএস কোড নম্বরের ভুলের কারণে সেই সুবিধা আমদানিকারক ও রোগীরা পাচ্ছেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ওষুধের কাঁচামাল, ক্যানসারের ওষুধের উপাদান, ডায়ালাইসিস ফিল্টার ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর কমানো বা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
দাম বাড়ার কারণ সম্পর্কে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. আকতার হোসেন সমকালকে বলেছেন, কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগে মূল্য নির্ধারণে অসংগতি ছিল; প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন করে আবেদন করার পর মূল্য নির্ধারণ কমিটি পর্যালোচনা করে দুটি প্রতিষ্ঠানের স্টেন্টের দাম বাড়িয়েছে। তিনি আরও বলেছেন, হার্টের রিংয়ের মূল্যের মধ্যে শুল্ক-কর অন্তর্ভুক্ত ছিল না, তাই শুল্ক অব্যাহতির সিদ্ধান্তের সঙ্গে দাম বাড়ার সম্পর্ক নেই। তবে এক আমদানিকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দাবি করেছেন, তাঁদের রিং আগের দামেই বিক্রি হচ্ছে এবং মূল্য বাড়ার বিষয়টি নিয়ে অধিদপ্তরের প্রজ্ঞাপনে ভুল রয়েছে।








