এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুঁশিয়ারি রাশিয়ার, সীমান্ত বন্ধের প্রতিবাদে কূটনীতিককে তলব

Tajanews24

Published: নভেম্বর 24, 2026, 4:39 পূর্বাহ্ন

প্রতিবেশী বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার বিরুদ্ধে একের পর এক ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে দেশটিকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রয়টার্স জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়া এমন পদক্ষেপ নিচ্ছে, যা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ বাঁধানোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

সীমান্ত বন্ধের সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করার পর এ বিবৃতি দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, এস্তোনিয়ার কূটনীতিককে আবারও জানিয়ে দেওয়া হয়েছে, এ ধরনের উসকানিমূলক ও অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ড প্রকাশ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। মস্কো এস্তোনিয়ার বিরুদ্ধে ‘রুশবিদ্বেষী’ মনোভাব ছড়িয়ে দেওয়ার অভিযোগও তুলেছে।

চলতি মাসের শুরুতে এস্তোনিয়া জানায়, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সীমান্তের ক্রসিংগুলো অন্তত ছয় মাসের জন্য বন্ধ রাখা হবে। তাল্লিনের অভিযোগ, রুশ নিরাপত্তা সংস্থাগুলো এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছিল; মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে। এর পাশাপাশি বাল্টিক সাগরে একটি রুশ পণ্যবাহী জাহাজে ইউক্রেনের হামলার ঘটনাও দুই দেশের উত্তেজনা বাড়িয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগের তালিকায় আরও রয়েছে—উত্তর-পশ্চিম রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনীয় ড্রোনগুলোকে ‘নীরবে’ আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়া, বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজের চলাচলে বাধা সৃষ্টি, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধ করা, রুশ ভাষা নিষিদ্ধের চেষ্টা এবং রুশ অর্থোডক্স গির্জা বন্ধের হুমকি। মন্ত্রণালয় বলেছে, জাতীয় স্বার্থ ও নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে।

এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সব অভিযোগের জবাব না দিলেও এক বিবৃতিতে স্পষ্ট করেছে, দেশটি কখনো অন্য কোনো দেশকে সামরিক অভিযানের জন্য নিজের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনা সামাজিক মাধ্যমে লিখেছেন, ইউরোপের নিরাপত্তা ক্ষুণ্নকারী নিজেদের কর্মকাণ্ড থেকে মনোযোগ সরাতে রাশিয়া এস্তোনিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। রয়টার্স জানিয়েছে, বার্লিনে ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, জোট পরিস্থিতি অনুযায়ী প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা মূল্যায়ন করে প্রয়োজনীয় সমন্বয় করবে।