নিরাপদ খাদ্য আইন সংশোধনের প্রস্তাব, গুরুতর অনিয়মে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা

Tajanews24

Published: নভেম্বর 24, 2026, 1:28 অপরাহ্ন

খাদ্যে ভেজাল ও অনিয়ম রোধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব এনেছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, অভিযোগের ভিত্তিতে কিংবা কর্তৃপক্ষের তদন্তে গুরুতর অনিয়ম বা বিচ্যুতি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করা যাবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাবের কথা জানানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রস্তাবের আরেকটি দিকও জানানো হয়—আরোপিত জরিমানার অর্থ আদায় হলে তার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন বলে বৈঠক সূত্র জানিয়েছে। তিনি বিদ্যমান আইন আরও কঠোর করার এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও উল্লেখ করেন। একই সঙ্গে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।

বৈঠকে আরও জানানো হয়, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা আনতে ডিলার নিয়োগের অনুপাত কমানো হয়েছে। আগে প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগ দেওয়া হলেও সংশোধিত নীতিমালায় প্রতি ২৫০ জনের জন্য একজন ডিলার নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়।

এ ছাড়া সারা দেশের খাদ্যগুদামের মজুত ধারণক্ষমতা বর্তমান ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন থেকে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনার কথা বৈঠকে জানানো হয়। খাদ্যমন্ত্রী ধান সংগ্রহের ক্ষেত্রে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন, যাতে কোনো মধ্যস্বত্বভোগী কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে।