দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান। সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, সাহস, শৃঙ্খলা ও পেশাদারত্বের অনন্য দৃষ্টান্ত এই বাহিনী। মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সোমবার নিউইয়র্কে বাংলাদেশের ৫৬তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনী শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী নয়, জাতীয় উন্নয়ন, মানবিক সহায়তা ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায়ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করছে।
আইরিন খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রথম সমন্বিত অভিযানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তাঁর ভাষ্যে, তিন বাহিনীর সম্মিলিত সেই অভিযান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় এবং স্বাধীনতাসংগ্রামের এক নির্ণায়ক মুহূর্ত।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং পরিবেশে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা ও দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা বিশ্বদরবারে বাংলাদেশের শান্তি, মানবিকতা ও আন্তর্জাতিক সংহতির মূল্যবোধ তুলে ধরছে বলেও তিনি উল্লেখ করেন।
স্বাধীনতার পর থেকে সশস্ত্র বাহিনী জাতীয় সক্ষমতা ও সহনশীলতার অন্যতম ভিত্তি হিসেবে গড়ে উঠেছে উল্লেখ করে আইরিন খান দেশের ভেতরে দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও অবকাঠামো উন্নয়নেও বাহিনীর অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। অতিথিদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।








