রাজধানীর গণপরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো, যাত্রীসেবার মান বাড়ানো ও বায়ুদূষণ কমাতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি) আওতায় গণপরিবহণ সংস্কার ও ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়নের অংশ হিসেবে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মঙ্গলবার এক সভায় জানানো হয়।
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকার গণপরিবহণকে আধুনিক, নিরাপদ, সাশ্রয়ী ও যাত্রীবান্ধব করতে এই বৈদ্যুতিক বাসগুলো চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে সরকারি উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে কার্যক্রম শুরু হবে; পরে বেসরকারি বাসমালিকদেরও নতুন ব্যবস্থার আওতায় আনতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, শুধু বাসের সংখ্যা বাড়ালেই হবে না, পুরো পরিচালন পদ্ধতিতে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। গতানুগতিক ব্যবস্থার বাইরে গিয়ে সমন্বিত, পরিকল্পিত ও জবাবদিহিমূলক পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করা হবে। তাঁর ভাষ্যে, পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে এবং এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে।
প্রস্তাবিত ‘গ্রস-কস্ট’ মডেলে প্রচলিত রুট পারমিট পদ্ধতির বদলে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস চলবে। যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়া সংগ্রহ করবে কর্তৃপক্ষ, আর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী অপারেটরদের প্রতি কিলোমিটার হিসেবে অর্থ পরিশোধ করা হবে। সংশ্লিষ্টদের আশা, এতে সেবার মান, পরিচালনাগত শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।
সভায় সড়ক পরিবহণ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন বলে আরটিভি অনলাইন জানিয়েছে।








