কক্সবাজারের টেকনাফ উপজেলার জীম্বংখালী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য অন্তত ৭ কোটি ৫০ লাখ টাকা। তবে অভিযানের সময় দুই চোরাকারবারি ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে এই ইয়াবা জব্দ করা হয়। উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, ভোর চারটার দিকে জীম্বংখালী বিওপির নিয়মিত বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির ৭ নম্বর পোস্টসংলগ্ন বেলালের মাছের ঘেরের পাশে প্রযুক্তির সহায়তায় মিয়ানমার থেকে দুজন ব্যক্তিকে হাতে দুটি ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেখে।
অধিনায়কের ভাষ্য অনুযায়ী, ওই দুজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা লুঙ্গি দিয়ে মোড়ানো দুটি ব্যাগ ফেলে ঘেরের পাশ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ব্যাগ দুটির ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি বলে বিজিবি জানিয়েছে।
পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনাস্থলসহ পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান চালানো হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে বিজিবি জানিয়েছে।
লে. কর্নেল মো. জহিরুল ইসলাম আরও জানান, মাদক সরবরাহকারী ও এই চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলবে বলে তিনি জানিয়েছেন।







