পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু করল মালদ্বীপ, আগাম আবেদন লাগবে না

Tajanews24

Published: নভেম্বর 27, 2026, 10:26 অপরাহ্ন

সব বিদেশি পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) ব্যবস্থা চালু করেছে মালদ্বীপ। মালদ্বীপ ইমিগ্রেশন জানিয়েছে, সরকারের ‘মালদ্বীপ ২.০’ উদ্যোগের অংশ হিসেবে গত ২৪ নভেম্বর থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হয়েছে। নতুন নিয়মে দেশটিতে পৌঁছে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরপরই পর্যটকদের স্বয়ংক্রিয়ভাবে ই-ভিসা দেওয়া হবে; এর জন্য ভ্রমণের আগে আলাদা করে ভিসার আবেদন করতে হবে না।

মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকেরা আইএমইউজিএ (IMUGA) পোর্টালে ট্রাভেলার ডিক্লারেশন ফরম পূরণের সময় যে ই-মেইল ঠিকানা দেবেন, সেখানেই তাদের ভিসার তথ্য পাঠানো হবে। এতে ভিসার মেয়াদ ও মালদ্বীপে থাকার অনুমোদিত সময় উল্লেখ থাকবে। ভ্রমণকারীরা মালদ্বীপ ইমিগ্রেশনের ওয়েবসাইটে জাতীয়তা, পাসপোর্ট নম্বর ও জন্মতারিখ দিয়ে যেকোনো সময় নিজেদের ভিসার অবস্থা যাচাই করতে পারবেন। মালদ্বীপ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ই-ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এ কারণে ফরমে সঠিক ও সচল ই-মেইল ঠিকানা ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

নতুন ব্যবস্থায় পর্যটকদের আগের অন-অ্যারাইভাল সুবিধাই বহাল থাকছে; প্রবেশের শর্ত পূরণ সাপেক্ষে পর্যটকেরা সর্বোচ্চ ৩০ দিনের বিনা মূল্যের ট্যুরিস্ট ভিসা পাবেন। শর্ত হিসেবে কমপক্ষে এক মাস মেয়াদ থাকা মেশিন রিডেবল পাসপোর্ট, ফিরতি বা পরবর্তী গন্তব্যের টিকিট, নিশ্চিত আবাসন বুকিং ও ভ্রমণের খরচ বহনের মতো পর্যাপ্ত অর্থের প্রমাণ থাকতে হবে। পাশাপাশি মালদ্বীপে পৌঁছানোর আগের ৯৬ ঘণ্টার মধ্যে আইএমইউজিএ পোর্টালে বিনা মূল্যে ট্রাভেলার ডিক্লারেশন জমা দিতে হবে; শিশুসহ প্রত্যেক ভ্রমণকারীকে আলাদা ঘোষণাপত্র পূরণ করতে হবে।

ই-ভিসার পাশাপাশি রাজধানী মালের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ গেট (ই-গেট) সুবিধাও চালু ও সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে বিমানবন্দরে মোট ৩৫টি ই-গেট রয়েছে, যার ২০টি আগমন ও ১৫টি প্রস্থান এলাকায়। প্রাথমিকভাবে ৩১টি অংশগ্রহণকারী এয়ারলাইন্সে ভ্রমণকারী ৪৬টি দেশের বায়োমেট্রিক পাসপোর্টধারীরা এই সুবিধা পাবেন। মুখমণ্ডল ও আইরিস শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে যোগ্য যাত্রীরা মাত্র ছয় থেকে সাত সেকেন্ডে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করতে পারবেন বলে মালদ্বীপ ইমিগ্রেশন জানিয়েছে।

কর্তৃপক্ষের মতে, নতুন প্রযুক্তিতে বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষার সময় ও ভিড় কমবে এবং পরিচয় যাচাই আরও দ্রুত ও নিরাপদ হবে। প্রচলিত পাসপোর্ট স্ট্যাম্পের বদলে এখন থেকে ডিজিটাল নথিই পর্যটক ভিসার প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক মালদ্বীপে ভ্রমণ করেন; নতুন ব্যবস্থায় বাংলাদেশি পর্যটকেরাও এই ডিজিটাল সুবিধা পাবেন।