দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানিতে যাবে বাংলাদেশ: প্রতিমন্ত্রী টুকু

Tajanews24

Published: নভেম্বর 27, 2026, 6:11 অপরাহ্ন

দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে মাংসের চাহিদা পূরণে খামারিদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিচ্ছে। উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর সক্ষমতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির পথ তৈরি করা হবে বলে তিনি জানান। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের গরুর মাংস রপ্তানির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

টুকু বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ জড়িত। খাতটির উন্নয়ন ও সম্প্রসারণের ফলে প্রান্তিক, পাহাড়ি ও চরাঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন বলে জানান তিনি।

গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। খামারি ও উদ্যোক্তাদের আয় বাড়াতে উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

উল্লেখ্য, রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার লক্ষ্য নিয়ে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত হচ্ছে। এ উপলক্ষে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলা মাঠে প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।