তিন দশকের বেশি সময়ে বাংলাদেশের শিক্ষায় বড় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। সংস্থাটির গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) প্রতিবেদন ২০২৬ অনুযায়ী, দেশে প্রাথমিক শিক্ষা শেষ করার হার ১৯৯০ সালের ৩৪ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ৯০ শতাংশে পৌঁছেছে। একই সময়ে নিম্ন মাধ্যমিক শেষ করার হার ২৩ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশ হয়েছে।
‘অ্যাকসেস অ্যান্ড ইকুইটি: কাউন্টডাউন টু ২০৩০’ শিরোনামের প্রতিবেদনটি গত মার্চে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর থেকে প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব ২০৩০ সালের মধ্যে সবার জন্য শিক্ষার টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি-৪) পূরণে পিছিয়ে থাকলেও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্প্রসারণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। তবে প্রাথমিক স্তরে অগ্রগতির গতি আগের তুলনায় কিছুটা কমেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিক্ষায় মেয়েদের অগ্রগতি প্রতিবেদনে বিশেষভাবে উঠে এসেছে। ইউনেস্কো জানিয়েছে, ২০২৪ সালে নিম্ন মাধ্যমিক বয়সী মেয়েদের মাত্র ৪ শতাংশ বিদ্যালয়ের বাইরে ছিল, যেখানে ছেলেদের ক্ষেত্রে এই হার ছিল ১৫ শতাংশ। উচ্চ মাধ্যমিক স্তরেও বিদ্যালয়ের বাইরে থাকা ছেলেদের হার মেয়েদের তুলনায় প্রায় ৮ শতাংশ পয়েন্ট বেশি ছিল বলে প্রশাসনিক তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে।
এই অগ্রগতির পেছনে নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনকে কারণ হিসেবে দেখছে ইউনেস্কো। সংস্থাটির মতে, বাল্যবিবাহ কমে আসা, জন্মহার হ্রাস এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়া শিক্ষায় ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রতিবেদনে ১৯৯৪ সালে চালু হওয়া নারী মাধ্যমিক বিদ্যালয় সহায়তা কর্মসূচি এবং বিশ্বব্যাংকের সহায়তায় নেওয়া ‘রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন’ প্রকল্পের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে।
তবে উচ্চ মাধ্যমিক স্তরে পিছিয়ে থাকা এবং শিক্ষার মান নিয়ে উদ্বেগও জানিয়েছে ইউনেস্কো। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে দেশে উচ্চ মাধ্যমিক শেষ করার হার ছিল মাত্র ৩৮ শতাংশ, যেখানে দক্ষিণ এশিয়ার গড় হার ৫৭ শতাংশ। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ঝরে পড়ার হার ২০০৯ সালের ৪২ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ২১ শতাংশে নেমেছে। বিশ্বজুড়ে ২০২৪ সালে বিদ্যালয়ের বাইরে থাকা শিশু ও তরুণের সংখ্যা ছিল প্রায় ২৭ কোটি ৩০ লাখ।







